টিটিএএডিসি নির্বাচন : কড়া নিরাপত্তায় ইভিএম নিয়ে বুথে পৌঁছলেন ভোটকর্মীরা
কুমারঘাট (ত্রিপুরা), ১১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) রাজ্যের ২৮টি কেন্দ্রে একযো
বুথে পৌঁছলেন ভোটবর্মীরা


কুমারঘাট (ত্রিপুরা), ১১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে সামনে রেখে ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমায় চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। রবিবার (১২ এপ্রিল) রাজ্যের ২৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হতে চলেছে ভোট। ভোটগ্রহণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার সকাল থেকেই কুমারঘাটের স্ট্রং রুম থেকে বিভিন্ন ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন ভোটকর্মীরা। কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কড়া নিরাপত্তায় সংরক্ষিত ইভিএম ও অন্যান্য ভোট সামগ্রী সংশ্লিষ্ট কেন্দ্রে পাঠানো হয়।

ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার অধীন ২ নম্বর মাছমারা এবং ৪ নম্বর করমছড়া আসনেও অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ২ নম্বর মাছমারা কেন্দ্রে মোট ৩৪,৯৪৭ জন এবং ৪ নম্বর করমছড়া কেন্দ্রে ৪২,৭৭৬ জন ভোটার তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।

কুমারঘাটের মহকুমা শাসক তথা রিটার্নিং অফিসার এনএস চাকমা জানান, মাছমারা কেন্দ্রে ৪২টি এবং করমছড়া কেন্দ্রে ৫০টি—মোট ৯২টি ইভিএম পাঠানো হয়েছে। এছাড়াও দূরবর্তী তিনটি ভোটকেন্দ্রে রাখা হয়েছে অতিরিক্ত ইভিএম, যাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সঙ্গে সঙ্গে বিকল্প ব্যবস্থা নেওয়া যায় এবং ভোটগ্রহণে কোনও বিঘ্ন না ঘটে।

তিনি আরও জানান, সাধারণ, সংবেদনশীল ও অতি সংবেদনশীল—এই তিন শ্রেণির ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে। সেই অনুযায়ী পুলিশ ও টিএসআর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ভোটের কাজ নির্বিঘ্ন করতে এবং যানজট এড়াতে ফটিকরায়-কুমারঘাট মূল সড়কে নো-এন্ট্রি জারি করে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়। তবে এই সিদ্ধান্তে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। নিদেবি রেডরোজ ক্লাব সংলগ্ন সরু রাস্তা দিয়ে যান চলাচল করায় সকাল থেকেই তীব্র যানজটের সৃষ্টি হয়।

অফিস টাইমে এই যানজটের কারণে বিপাকে পড়েন অফিসযাত্রী, গাড়িচালক ও সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা শ্রীবাস দাস অভিযোগ করেন, ছোট রাস্তা দিয়ে অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাবও স্পষ্ট ছিল। একইভাবে রূপক সূত্রধর নামে জনৈক যুবক প্রশাসনের অব্যবস্থাপনার তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেন।

এদিন ভোটকেন্দ্রে রওনা দেওয়ার আগে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও টিএসআর জওয়ানদের প্রয়োজনীয় নির্দেশনা দেন কুমারঘাটের মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande