
কলকাতা, ১২ এপ্রিল (হি. স.) : আসন্ন ভোটকে সামনে রেখেই ভয়মুক্ত পরিবেশ সুনিশ্চিত করতে তৎপর নির্বাচন কমিশন। সেই লক্ষ্যে রবিবার ছুটির দিনে ভবানীপুর বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বেরোলেন সাধারণ পর্যবেক্ষক তাপস রায়। এলাকায় ঘুরে চা বিক্রেতা থেকে পথচলতি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। ভোটারদের মধ্যে কোনও ভীতি বা চাপের পরিবেশ রয়েছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখেন।পরিদর্শনের সময় অবৈধ পোস্টার বা প্রচার সামগ্রী সরিয়ে ফেলার পরামর্শও দেন তিনি। রাজনৈতিক দলগুলির উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—হিংসা, প্রভাব খাটানো, ভীতি প্রদর্শন বা বুথ দখলের মতো কোনও অনিয়ম বরদাস্ত করা হবে না। অবাধ ও শান্তিপূর্ণ ভোটই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য, এদিন তা ফের একবার তুলে ধরেন পর্যবেক্ষক।স্থানীয়দের সঙ্গে কথোপকথনে তিনি আশ্বাস দেন, প্রয়োজনে কমিশন সবরকম সহায়তা করবে। ভোটের দিন সাধারণ মানুষ যাতে নির্ভয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতেই কমিশনের এই উদ্যোগ বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত