
ইটানগর, ১৪ এপ্রিল (হি.স.) : অরুণাচল প্রদেশের সিয়াং জেলার রিগা গ্রামে ১৯৬.৪৪ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
আজ মঙ্গলবার অঞ্চলের পরিকাঠামো ও জনসেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটাতে সড়ক যোগাযোগ, শিক্ষা, প্রশাসনিক পরিকাঠামো এবং জনসেবা প্রদানের মতো একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।
এ উপলক্ষ্যে আয়োজিত এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু বলেন, জেলার দূরবর্তী ও অনুন্নত এলাকাগুলির ঘাটতি পূরণ করাই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য। রিগা এলাকার টাউনশিপ সড়কের উন্নয়ন, একটি নতুন সার্কিট হাউস নির্মাণ এবং সিয়াং জেলার জন্য একটি ক্রীড়া স্টেডিয়াম স্থাপনের মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব ঘোষণা করেছেন পেমা। বিশেষ করে ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এলাকাগুলিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের প্রতি রাজ্য সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এছাড়া, রিগার নিউ হিরামে সরকারি কর্মচারীদের আবাসন, একটি কমিউনিটি হল (দেরে), পাঙ্গিনে মহিলা পুলিশ স্টেশন ভবন এবং রিগার পেগিং বোত্তে এলাকায় একটি বহুমুখী সাংস্কৃতিক হল নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুথ্যমন্ত্রী।
শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে পাঙ্গিন গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, পাঙ্গিন গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল (জিএসএস), বেলেঙে গভর্নমেন্ট আপার প্রাইমারি স্কুল গান্ধী, বেলেঙে হোস্টেল, শ্রেণিকক্ষ, অ্যাকাডেমিক সহ প্রশাসনিক ভবন এবং কর্মচারীদের কোয়ার্টার নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাউন্ডারি ওয়াল, অ্যাসেম্বলি শেড, টয়লেট এবং মধ্যাহ্নভোজের সুবিধাও অন্তর্ভুক্ত প্রকল্পগুলিতে।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বোলেং ও পাঙ্গিনে টাউনশিপ সড়ক উন্নয়ন-২, ইয়িবুক–লিসিং সড়ক (প্রথম পর্যায়) নির্মাণ এবং রোটুং-এর নেতাজি সুভাষচন্দ্র বসু আবাসিক বিদ্যালয়ে কর্মচারীদের কোয়ার্টার ও পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এছাড়া, দীনদয়াল উপাধ্যায় গ্রামজ্যোতি উন্নতি অভিযান-এর অধীনে বিভিন্ন জেলায় ১০০ শয্যার হোস্টেল নির্মাণ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী বেশ কিছু সম্পন্ন প্রকল্পেরও উদ্বোধন করেছেন। এর মধ্যে রয়েছে পাঙ্গিনে একটি সরকারি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই), বেলেং-এ জেলা হাসপাতালের সঙ্গে সংযোগকারী দ্বি-লেন সিমেন্ট কংক্রিট রাস্তা, ডোসিং–পারেং–ইয়িবুক সড়কে সুবুং নদীর উপর ৭০ মিটার দীর্ঘ বেইলি সেতু এবং বেলেং (রেঙ্গো)-এ একটি ফায়ার স্টেশন।
মুখ্যমন্ত্রী পেমা খান্ডু প্রকল্পগুলির সময়মতো বাস্তবায়ন ও গুণগত মান বজায় রাখার ওপর জোর দিয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন, যাতে প্রকল্পের সুফল দ্রুত সাধারণ মানুষের কাছে পৌঁছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস