
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.): গ্রীষ্মকালীন ছুটির মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও নয়াদিল্লির মধ্যে বিশেষ ‘সামার স্পেশাল’ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। বিদ্যমান রুট, সময়সূচি এবং স্টপেজ বজায় রেখেই এই বিশেষ ট্রেনগুলি চলাচল করবে বলে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৪০৫২ নয়াদিল্লি–হাওড়া স্পেশাল ট্রেনটি আগামী ১৫ এপ্রিল ২০২৬ থেকে ২৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন নয়াদিল্লি থেকে যাত্রা শুরু করবে। তবে ১৭ এপ্রিল এবং ২৪ এপ্রিল এই ট্রেনটি চলবে না। সব মিলিয়ে নয়াদিল্লি থেকে মোট ১২টি ট্রিপ পরিচালিত হবে।
অন্যদিকে, ফিরতি পথে ০৪০৫১ হাওড়া–নয়াদিল্লি স্পেশাল ট্রেনটি ১৭ এপ্রিল ২০২৬ থেকে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত প্রতিদিন হাওড়া স্টেশন থেকে ছাড়বে। এই রুটে ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল ট্রেনটি চলাচল করবে না। হাওড়া থেকেও ট্রেনটি মোট ১২টি ট্রিপ সম্পন্ন করবে। মূলত পর্যটন মরশুমে দূরপাল্লার ট্রেনে আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত