
কলকাতা, ১২ এপ্রিল (হি.স.): বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিলেন চন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের এই সদস্য রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেস নেতা ব্রাত্য বসু এবং তৃণমূল সাংসদ কীর্তি আজাদের উপস্থিতিতে রাজ্যের শাসকদলে যোগ দেন। তৃণমূলে যোগ দিয়েই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন চন্দ্র। তিনি বলেন, “বিজেপি নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ মানে না। বিজেপিতে থেকে নেতাজির আদর্শ নিয়ে কাজ করা সম্ভব নয়।”
তৃণমূলে যোগদানের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আজ আমরা দেখছি যে, বিজেপি বিভাজনের রাজনীতি করছে, সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে। এখন ভারতকে বাঁচাতে এবং বিভেদের রাজনীতিকে রুখতে লড়াই করতে হবে।” চন্দ্র কুমার বসু আরও বলেন, বিজেপি সংবিধানের বিরুদ্ধে, কারণ তাদের একমাত্র এজেন্ডা হলো বিভাজন ও শাসন, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য সম্প্রদায়গুলোকে বিভক্ত করা। এই নীতির তীব্র বিরোধিতা করেছিলেন আমার পিতামহ শরৎচন্দ্র বসু এবং তাঁর ছোট ভাই নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি বিজেপির এই চিন্তাভাবনা মেনে নিতে পারি না। আমি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সঙ্গে সঙ্গে কোনও দলে যোগ দিইনি। আমি দেখেছি তৃণমূল একটি অন্তর্ভুক্তিমূলক ও ধর্মনিরপেক্ষ আদর্শ অনুসরণের কাছাকাছি আসে। তিনি আরও বলেন, বাংলায় নির্বাচন হচ্ছে। তৃণমূল অবশ্যই জিতবে। দেশকে ঐক্যবদ্ধ করার অনেক বড় দায়িত্ব তৃণমূলের। 'ভারতীয়' হওয়ার ধারণা বাস্তবায়নের জন্য সমস্ত সমমনোভাবাপন্ন দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে; তবেই আমরা টিকে থাকব। আমি জ্যোতিষী নই, কিন্তু নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় (ভবানীপুর থেকে) জিতবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ