জয় নিয়ে আত্মবিশ্বাসী গোঘাটের তৃণমূল প্রার্থী ডা. নির্মল মাঝি
হুগলি, ১২ এপ্রিল (হি.স.) : বাংলায় বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে তপ্ত রোদ উপেক্ষা করে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল মাঝি । রবিবার তিনি গোঘাট–২ নম্বর ব
প্রচারের মাঝে কর্মীদের খাবার পরিবেশন করছেন নির্মল মাঝি


হুগলি, ১২ এপ্রিল (হি.স.) : বাংলায় বিধানসভা ভোটের কাউন্টডাউন শুরু হতেই রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে তপ্ত রোদ উপেক্ষা করে প্রচারে ঝাঁপিয়ে পড়লেন গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী নির্মল মাঝি । রবিবার তিনি গোঘাট–২ নম্বর ব্লকের মান্দারণ অঞ্চলের মান্দার গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকাজুড়ে জোরকদমে প্রচার চালান।

সকাল থেকেই কর্মী-সমর্থকদের নিয়ে মান্দারণের বিভিন্ন গ্রাম ও পাড়ায় পাড়ায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন নির্মল মাঝি । প্রচারের সময় স্থানীয় বাসিন্দারা রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা ও কর্মসংস্থান সংক্রান্ত একাধিক সমস্যার কথা তুলে ধরেন। সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনি এবং ভোটে জয়লাভের পর দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন।

এদিন প্রচার ময়দান থেকেই বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল প্রার্থী। তাঁর অভিযোগ, বিরোধীরা মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনাতেই ব্যস্ত। তাঁর কথায়, “মানুষ উন্নয়ন দেখেছে, তাই আবারও উন্নয়নের পক্ষেই রায় দেবে।”

প্রচারের ফাঁকে কর্মী-সমর্থকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে নিজের হাতে খাবার পরিবেশন করতেও দেখা যায় তাঁকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল মাঝি জানান, গোঘাট বিধানসভা কেন্দ্রে জয় নিয়ে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande