
কলকাতা, ১২ এপ্রিল (হি.স.) : আধুনিক হোমিওপ্যাথির জনক স্যামুয়েল হ্যানিম্যান-এর ২৭১তম জন্মবার্ষিকী এবং বিশ্ব হোমিওপ্যাথি দিবস উপলক্ষে ভবানীপুরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল প্রতাপ চন্দ্র মেমোরিয়াল হোমিওপ্যাথিক হসপিটাল এন্ড কলেজ আলুমনি অ্যাসোসিয়েশন ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রচেতা মজুমদার, যিনি প্রতাপ চন্দ্র মজুমদারের বংশধর। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ডা. রজত চট্টোপাধ্যায়, যিনি ন্যাশনাল কমিশন ফর হোমিওপ্যাথির হোমিওপ্যাথি শিক্ষা বিভাগের প্রধান।হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির গুরুত্ব, বর্তমান প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ডা. রজত চট্টোপাধ্যায়। তিনি বলেন, নতুন প্রজন্মকে হোমিওপ্যাথির প্রসারে এগিয়ে আসতে হবে এবং গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে আরও উন্নয়ন জরুরি।এদিনের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. সহিদুল ইসলাম, ডা. বি. পি. দাস, ডা. অনুপম ভট্টাচার্য, ডা. সুরেশ আগরওয়াল এবং ডা. ফারা ইলাহি প্রমুখ।উল্লেখ্য, বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে হোমিওপ্যাথির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং জনমানসে তার প্রভাব নিয়েও এদিন আলোচনা হয়। আয়োজকদের দাবি, এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে হোমিওপ্যাথি চিকিৎসার প্রসার ও গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি করবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত