
হুগলি,১২ এপ্রিল (হি.স.) : খানাকুলে নির্বাচনী প্রচারে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ রায় -কে। এলাকার উন্নয়ন না হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীদের একাংশ তাঁর সামনেই ভোট বয়কটের ডাক দেন। ঘটনাটি ঘটেছে খানাকুলের রাজহাটি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার নির্বাচনী প্রচারে সেখানে পৌঁছন পলাশ রায়। সেই সময়ই গ্রামবাসীদের একাংশ তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের সাফ বক্তব্য, “এলাকায় কোনও উন্নয়ন হয়নি, তাই এবার ভোট নয়।” এই স্লোগান তুলে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থা সহ একাধিক মৌলিক সমস্যার সমাধান হয়নি। বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলেও দাবি তাঁদের। ফলে ক্ষুব্ধ বাসিন্দারা ভোট বয়কটের হুঁশিয়ারি দেন।
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেনপলাশ রায় ও তাঁর সঙ্গে থাকা দলীয় কর্মীরা। তিনি গ্রামবাসীদের অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানা গিয়েছে। যদিও সেই আশ্বাসে কতটা সন্তুষ্ট হয়েছেন বাসিন্দারা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
নির্বাচনের মুখে এই ঘটনা খানাকুলের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করল বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই ক্ষোভ ভোটবাক্সে কতটা প্রভাব ফেলে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA