(আপডেট) পূর্ব মেদিনীপুরে রবিবাসরীয় জমজমাট নির্বাচনী প্রচার
পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি. স.) : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। ছুটির দিনে রবিবাসরীয় প্রচারে পূর্ব মেদিনীপুরে শক্তি প্রদর্শনে নামলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকেই জেলার একাধিক প্রা
বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রচারে


পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি. স.) : রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক প্রচারের উত্তাপ। ছুটির দিনে রবিবাসরীয় প্রচারে পূর্ব মেদিনীপুরে শক্তি প্রদর্শনে নামলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সকাল থেকেই জেলার একাধিক প্রান্তে কর্মসূচি ঘিরে ছিল ব্যাপক জনসমাগম। এদিন পাঁশকুড়ায় পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে বাংলো মোড় থেকে স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় । হুড খোলা গাড়িতে চেপে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন দলীয় নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী- সমর্থক।

রোড - শো শেষে পাঁশকুড়া স্টেশন চত্বরে সভা থেকে আক্রমণের সুর চড়িয়েছেন তিনি। নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে নিশানা করে বলেন, “আপনাদের আশীর্বাদ চাই, যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মাননীয়াকে হারাতে পারি।” শুধু রাজনৈতিক আক্রমণ নয়, এ দিন একাধিক জনমুখী প্রতিশ্রুতিও দেন বিরোধী দলনেতা শুভেন্দু। তাঁর কথায়, বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের ভাতা ১৫০০ থেকে বাড়িয়ে ৩০০০ টাকা করা হবে। বেকার যুবক-যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসিক ৩০০০ টাকা ভাতা। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ২০০০ টাকা ঘোষণা করেন তিনি।

সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা আরও ৫ বছর শিথিল, পরীক্ষার ফি সম্পূর্ণ মকুব। তাছাড়াও কৃষি ক্ষেত্রেও একাধিক পরিকল্পনার কথা জানান শুভেন্দু। আলু চাষ ও ফুলচাষের জন্য ব্লক স্তরে হিমঘর তৈরির প্রতিশ্রুতি দেন তিনি। এর পাশাপাশি পাঁশকুড়া থেকে শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ ট্রেন চালিয়ে দক্ষিণ ভারতে ফুল রফতানির কথাও ঘোষণা করেছেন। এই প্রেক্ষাপটে আরও উল্লেখযোগ্য বিষয় হল - এদিন জেলার অন্য প্রান্তেও ছিল রাজনৈতিক ব্যস্ততা। ময়নাতে প্রচারে যান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দকুমারে নির্বাচনী সভা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই প্রতিশ্রুতি ও পাল্টা প্রতিশ্রুতিতে জমে উঠছে পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক ময়দান। রবিবাসরীয় প্রচারে শুভেন্দুর বার্তা স্পষ্ট - লড়াই শুধু আসন জয়ের নয়, প্রতিপক্ষকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande