
শিলিগুড়ি, ১২ এপ্রিল (হি.স.): ভোটপ্রচারের তৃতীয় দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজ্যে এসেছেন। তাঁর এই সফরের মধ্যেই কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের জীবনাবসানের খবর পাওয়া যায়। রবিবার দুপুর একটার পর দেশজুড়ে এই দুঃসংবাদ পৌঁছানোর পরপরই গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, রবিবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে।
এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' হ্যান্ডেলে দেওয়া এক শোকবার্তায় নরেন্দ্র মোদী লিখেছেন— ভারতের অন্যতম কিংবদন্তি ও বহুমুখী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে জি-র প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর অসাধারণ সঙ্গীতযাত্রা কয়েক দশক জুড়ে বিস্তৃত; যা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে এবং সারা বিশ্বের অগণিত মানুষের হৃদয় স্পর্শ করেছে। তাঁর সুরেলা গান হোক বা প্রাণবন্ত সঙ্গীত, তাঁর কণ্ঠে ছিল চিরন্তন মাধুর্য। তাঁর সঙ্গে আমার কাটানো মুহূর্ত ও সাক্ষাৎগুলি আমি চিরকাল সযত্নে স্মরণে রাখব।
প্রধানমন্ত্রী আরও লিখেছেন, তাঁর পরিবার, অনুরাগী এবং সঙ্গীতপ্রেমীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তিনি প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবেন এবং তাঁর গান চিরকাল মানুষের জীবনে প্রতিধ্বনিত হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত