
নয়াদিল্লি, ১৪ এপ্রিল (হি.স.) : পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই গুরুত্বপূর্ণ কথোপকথন হয়। মূলত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্যিক নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালীকে উন্মুক্ত রাখার গুরুত্ব নিয়ে উভয় নেতার মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এই ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।
তিনি লেখেন, “বন্ধু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফোন পেয়েছি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার উল্লেখযোগ্য অগ্রগতি পর্যালোচনা করেছি। আমরা সব ক্ষেত্রে ব্যাপক বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে সোমবার থেকে হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ কার্যকর করেছে ওয়াশিংটন। এই পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতির স্বার্থে এই জলপথকে সুরক্ষিত ও অবাধ রাখা ভারতের জন্য অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী মোদী তাঁর পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, পশ্চিম এশিয়ার উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীকে উন্মুক্ত ও সুরক্ষিত রাখার বিষয়ে তাঁরা উভয়েই একমত পোষণ করেছেন। দুই নেতার এই আলোচনা ভারত ও আমেরিকার মধ্যেকার কৌশলগত সম্পর্ককে এক নতুন মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি