টিটিএএডিসি নির্বাচন : পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৮৩ শতাংশ, বাড়তে পারে হার, সিপাহিজলার একটি বুথে পুনর্ভোট ১৬ই
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : একাধিক স্থানে সংঘর্ষ, বোমাবাজি, বুথ জ্যামিং ইত্যাদি অশান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট। আজ রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে বিকাল প
নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন টিটিএএডিসির ভোটপৰ্ব


আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : একাধিক স্থানে সংঘর্ষ, বোমাবাজি, বুথ জ্যামিং ইত্যাদি অশান্তির মধ্য দিয়ে শেষ হয়েছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোট। আজ রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছিল, শেষ হয়েছে বিকাল পাঁচটায়।

ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের কাছে জানা গেছে, বিকাল ৫.০০টা পর্যন্ত ভোট পড়েছে ৮৩ শতাংশ। চূড়ান্ত গণনার পর ভোটের হার আরও বাড়তে পারে। তিনি আরও বলেন, কয়েকটি অভিযোগ পাওয়া গেলেও ভোটগ্রহণ প্রক্রিয়া মূলত শান্তিপূর্ণ ছিল।

তিনি জানান, ভোটে কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে সিপাহিজলা জেলার অন্তৰ্গত ১৭ পেকুরজলা-জন্মেজয়নগর বিধানসভা কেন্দ্রের ১৭/৩৯ নম্বর বুথো পুনর্ভোটের ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। ওই বুথে পুনর্ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৬ এপ্রিল।

কমিশনের সচিব অনুরাগ সেন জানান, আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহণের পর দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছিল ৪৫ শতাংশ। এর পরে বেলা ১.০০টা পর্যন্ত ৬৫ শতাংশ এবং তিনটা পর্যন্ত ভোট পড়ে প্রায় ৭০ শতাংশ। বেলা বাড়ার সাথে সাথে ভোটের হার বাড়তে থাকে।

অনুরাগ সেন বলেন, ‘আমরা ভোট পৰ্বের সমস্ত রিপোর্ট সংগ্রহ করছি। এ মুহূর্তে প্রায় সব ভোটকেন্দ্র বন্ধ হয়ে গেছে। কোনও বড় ধরনের হিংসার খবর পাওয়া যায়নি। তবে কিছু জায়গায় ছোটখাটো সমস্যা দেখা গিয়েছিল, তবে পুলিশ প্রশাসন দ্রুত সমাধান করেছে। রাজ্যের কিছু অংশে বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছিল, সেগুলোও নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনও অশান্তির বিষয়ে আমরা কোনও আনুষ্ঠানিক রিপোর্ট পাইনি। আমরা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছি। এ মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে। ইভিএম-এও কোনও ত্রুটির খবর পাওয়া যায়নি। তবে সকালে মক পোল চলাকালীন যেখানে সমস্যা ধরা পড়েছিল, সেখানে সঙ্গে সঙ্গে মেশিন পরিবর্তন করা হয়েছে। ফলে মূল ভোটগ্রহণ চলাকালীন ইভিএম পরিবর্তনের কোনও ঘটনা ঘটেনি।’

এদিকে, রাজ্যের পুলিশ সূত্রে জানা গেছে, সেপাহিজালা জেলার অন্তর্গত বক্সনগর এলাকায় সাতটি হাতে তৈরি বোমা নিক্ষেপ সহ কয়েকটি ছোটখাটো ঘটনা ঘটেছে। এর জবাবে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণাধীন। রাজ্যের অন্যান্য এলাকায়ও কিছু ছোটখাটো ঘটনা ঘটেছে। এর মধ্যে বিজেপি-প্রার্থীর একটি গাড়ি ভাঙচুরের ঘটনাও রয়েছে। একজন আহত হয়েছিলেন, পরে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনাগুলি ছাড়া সামগ্রিক পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে, জানিয়েছে পুলিশের সূত্রটি।

অন্যদিকে, বেসরকারি সূত্রের খবরে প্রকাশ, আজ প্ৰথম দিকে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও দুপুরের পর থেকে একাধিক এলাকায় হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন বুথে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে, যার জেরে বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রায় শূন্যে নেমে আসে।

জানা গেছে, অলইছড়া এলাকায় অন্তত তিনটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অন্যদিকে, ২৬ নম্বর কেন্দ্রের ৩৫ নম্বর বুথের অন্তর্গত অনন্ত সর্দার পাড়ায় সংঘর্ষে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং আহত হয়েছেন বলে খবর।

এছাড়া দেবদারু এলাকায় বিজেপি-র অন্তত পাঁচজন কর্মী আক্রান্ত হয়ে গুরুতর জখম হন। আহতদের দ্রুত জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।

এবারের টিটিএএডিসি নির্বাচনে ৪,৮২,০২৫ জন পুরুষ, ৪,৮০,৬৬৬ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৬ জন সহ মোট ৯,৬২,৬৯৭ জন ভোটারের নাম রয়েছে ভোটার তালিকায়। এর মধ্যে ২৮টি নির্বাচন কেন্দ্রের আওতায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছেন মোট ১৭৩ জন প্রার্থী। বিজেপি, তিপ্রা মথা, বামফ্রন্ট, কংগ্রেস, আইপিএফটি-সহ একাধিক রাজনৈতিক দল এবারের টিটিএএডিসি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৪টি কোম্পানি রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande