
কলকাতা, ১২ এপ্রিল, (হি.স.): “মমতার মিথ্যার নতুন ও জ্বলন্ত নিদর্শন হল বিজেপির ইউসিসি (অভিন্ন দেওয়ানী আইন) নিয়ে ঘোষণা। এটা হলে নাকি আদিবাসীদের চিরাচরিত প্রথা ভেঙে তাদের উপর অত্যাচার করা হবে !” রবিবার এক্সবার্তায় এ কথা লিখেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু লিখেছেন, “আদিবাসী পুরুষরা কি চারটে বিয়ে করতে পারে ? আদিবাসী পুরুষরা কি ইচ্ছেমত স্ত্রীকে ভাগিয়ে দিতে পারে ? আদিবাসী সমাজে কি আপন খুড়তুতো, জ্যাঠতুতো, মামাতো, পিসতুতো ভাইবোনের মধ্যে বিয়ে হয়, যার ফলে প্রায়ই বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করে ? আদিবাসী মেয়েদের কি একটা চলমান কালো তাঁবুর (যার নাম পর্দানশিন অবস্থা) মধ্যে জীবন কাটাতে হয় ? চারটে প্রশ্নেরই উত্তর, ‘না'।
যাদের ক্ষেত্রে এই চারটে প্রশ্নের উত্তর ‘হ্যাঁ', তারা হল মমতার ‘দুধেল গাই' । তাদের সামাজিক কুপ্রথা দূর করার জন্য এবং তাদের নারীসমাজকে পুরুষতন্ত্রের নাগপাশ থেকে মুক্তি দেবার জন্যই ইউসিসি প্রয়োজন । হিন্দুদের মধ্যেও কুপ্রথা ছিল (যেমন বহুবিবাহ, সতীদাহ, ইত্যাদি), সেগুলো হয় কালক্রমে আপনিই উঠে গেছে, আর না হলে আইন করে তুলে দেওয়া হয়েছে । কিন্তু মুসলমানেরা যে সেই ১৪০০ বছরের দোহাই দিয়ে, “এগুলো আল্লার নিয়ম” বলে বসে আছে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তা চলবে না।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত