
মুম্বই, ১২ এপ্রিল (হি.স.) : ভারতের কিংবদন্তি ও প্রবাদপ্রতিম প্লেব্যাক গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক, সাংস্কৃতিক ও সংগীত মহলের একাধিক বিশিষ্ট ব্যক্তি শোকপ্রকাশ করেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, তিনি একজন অসাধারণ ও কিংবদন্তি গায়িকা ছিলেন। তাঁর কণ্ঠ ও অবদান ভারতীয় সংগীতকে সমৃদ্ধ করেছে এবং লতা মঙ্গেশকরের সঙ্গে তিনি দেশের গৌরব বৃদ্ধি করেছেন। তিনি পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেন, তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল রত্ন ছিলেন। তাঁর কণ্ঠ ভারতীয় চলচ্চিত্র ও সংস্কৃতিকে বিশ্বজুড়ে পরিচিত করেছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ ও শ্রদ্ধেয় ছিলেন বলে উল্লেখ করেন।
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরী বলেন, তাঁর সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর গান বহু ভাষায় বিশ্বজুড়ে জনপ্রিয় এবং সংগীত জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস বলেন, এটি সারা বিশ্বের সংগীতপ্রেমীদের জন্য অত্যন্ত দুঃখের মুহূর্ত। মঙ্গেশকর পরিবারের দুই কিংবদন্তি গায়িকার প্রয়াণে সংগীত জগতে অপূরণীয় শূন্যতা তৈরি হয়েছে।
শঙ্কর মহাদেবনের তাঁর মৃত্যুতে আবেগঘন বার্তা দিয়েছেন।
তিনি বলেন, এটি সবার জন্য এবং ভারতীয় সংগীতের জন্য অত্যন্ত দুঃখের দিন। তিনি বিশ্বাসই করতে পারছেন না যে তাঁর প্রিয় “আশা তাই” আর নেই। একজন সংগীতশিল্পী, ভক্ত ও ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুর মতো তাঁর প্রতি যে শ্রদ্ধা ও ভালোবাসা ছিল, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি।
শঙ্কর মহাদেবন আরও বলেন, আশা ভোঁসল-এর কণ্ঠ ও অবদান কখনও মুছে যাবে না, যতদিন মানবসভ্যতা থাকবে ততদিন তাঁর গান মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। তিনি বলেন, তিনি যেন সরস্বতী মায়ের মতো সংগীতের প্রতীক ছিলেন এবং তাঁর সুর বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হতে থাকবে।
তিনি আরও উল্লেখ করেন, এই মুহূর্তে গোটা সংগীত জগৎ শোকে স্তব্ধ এবং প্রত্যেক ভারতীয়ই গভীরভাবে ব্যথিত। তিনি প্রার্থনা করেন, তাঁর আত্মা শান্তিতে থাকুক এবং তিনি যেন আমাদের সকলকে তাঁর আশীর্বাদ ও ইতিবাচক শক্তি দিয়ে যান।
আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, তিনি সংগীত জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রয়াণ সংগীতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াত আত্মার শান্তি কামনা করেন।
শুভেন্দু অধিকারী বলেন, “মেলোডির সম্রাজ্ঞী” আশা ভোঁসলের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত। তাঁর মতে, আশা ভোঁসলের বহুমুখী কণ্ঠ ভারতীয় সিনেমার একাধিক যুগকে সংজ্ঞায়িত করেছে এবং প্রজন্মের পর প্রজন্মের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তিনি ছিলেন প্রকৃত কিংবদন্তি, যার অবদান অনন্য ও অপূরণীয়। এটি এক যুগের অবসান। তিনি শোকাহত পরিবারের সদস্য, বন্ধু ও অসংখ্য অনুরাগীর প্রতি সমবেদনা জানান এবং প্রয়াত আত্মার শান্তি কামনা করেন—“ওম শান্তি।”
চলচ্চিত্র, সংগীত ও সাংস্কৃতিক মহলের মতে, আশা ভোঁসলের প্রয়াণ ভারতীয় সংগীতের এক যুগের অবসান ঘটাল।
প্রসঙ্গত,রবিবার দুপুরে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গায়িকার পরিবার থেকে এই শোকসংবাদ নিশ্চিত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য