
বক্সনগর (ত্রিপুরা), ১২ এপ্রিল : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনকে কেন্দ্র করে রবিবার বক্সনগরের ১৯ আমতলী–গোলাঘাটি কেন্দ্রের অন্তর্গত ৪০ নম্বর বুথ এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। দয়ালপাড়ার ঝরাজলা স্কুল সংলগ্ন এলাকায় বিজেপি ও তিপ্রা মথা দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটগ্রহণ চলাকালীন হঠাৎ করেই বুথের আশেপাশে অস্বাভাবিক ভিড় জমতে শুরু করে। তিপ্রা মথা দলের অভিযোগ, বিজেপি কর্মীরা লাঠিসোটা ও বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে বুথের কাছে জড়ো হয় এবং বহিরাগতদের এনে ভোট প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের চেষ্টা করে। এতে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্বাভাবিক ভোটদান ব্যাহত হওয়ার পরিস্থিতি তৈরি হয়।
অন্যদিকে, বিজেপি-র পক্ষ থেকেও পাল্টা অভিযোগ তোলা হয়েছে যে তিপ্রা মথা কর্মীরাই প্রথমে উত্তেজনা ছড়ায় এবং অশান্তির পরিবেশ সৃষ্টি করে। যদিও এই অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়, যা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন বুথ সংলগ্ন এলাকায় বোমা নিক্ষেপ করা হয় এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে শূন্যে গুলি চালানো হয়। বিস্ফোরণের শব্দ ও গুলির আওয়াজে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া পদক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। জানা গিয়েছে, এক সমর্থকের মাথা ফেটে গুরুতর জখম হয়েছে। এছাড়াও কয়েকজন আহত হন। কলমচৌড়া থানার এক পুলিশ আধিকারিকও বোমার আঘাতে হাতে চোট পান বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপার ও সংশ্লিষ্ট মহকুমা পুলিশ আধিকারিক। তাঁরা পরিস্থিতি পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। সংঘর্ষের পর বিজেপি-র একাংশ কর্মী এলাকা ছেড়ে চলে যান বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
বর্তমানে দয়ালপাড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, টিটিএএডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেলেও দয়ালপাড়ার এই সংঘর্ষ পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের ওপর চাপও বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ