
কুমারঘাট (ত্রিপুরা), ১২ এপ্রিল (হি.স.) : ঊনকোটি ও ধলাই জেলায় শান্তিপূর্ণভাবে শেষ হল ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন। রবিবার রাজ্যের মোট ১২৫৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে নির্ধারিত প্রক্রিয়া মেনে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্ট্রংরুমে জমা করা হয়েছে ইভিএমসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী।
ঊনকোটি জেলার ২ নম্বর মাছমারা ও ৪ নম্বর করমছড়া আসনে মোট ৯২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। পাশাপাশি ধলাই জেলার ডেমছড়া–কচুছড়া এবং মনু–ছৈলেংটা আসনেও একই দিনে ভোটপর্ব সম্পন্ন হয়। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায় বিভিন্ন কেন্দ্রে, এবং তাঁরা শান্তিপূর্ণভাবে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন।
ঊনকোটি জেলার জেলাশাসক ডঃ তমাল মজুমদার জানান, মাছমারা ও করমছড়া—উভয় কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুই কেন্দ্রে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। তিনি জানান, পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি আগামী ১৭ এপ্রিল ভোট গণনার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। ইতিমধ্যে কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু গণনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার দিক থেকেও ছিল কড়াকড়ি। প্রতিটি ভোটকেন্দ্রেই নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছিল। ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপম চাকমা জানান, গোটা জেলায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ৯২টি ভোটকেন্দ্র থেকে ইভিএমগুলি নিরাপত্তার সঙ্গে স্ট্রংরুমে নিয়ে আসা হয়েছে এবং পুরো প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে পুলিশ প্রশাসন সতর্ক ছিল।
ভোটগ্রহণ শেষে মাছমারা ও করমছড়া আসনের বিভিন্ন কেন্দ্র থেকে ভোটকর্মীরা ইভিএমসহ নির্বাচনী সামগ্রী কুমারঘাট বালিকা বিদ্যালয়ে নিয়ে আসেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তত্ত্বাবধানে সেগুলি জমা করা হয় এবং পরবর্তীতে স্ট্রংরুমে কড়া নিরাপত্তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ