
চুড়াইবাড়ি (ত্রিপুরা), ১২ এপ্রিল (হি.স.): উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানার অধীন বাঘন গ্রাম পঞ্চায়েতের জুমটিলা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় স্বামীর নির্মম প্রহারে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আহত গৃহবধূর নাম রেজানা খাতুন (৩৫)। অভিযোগ, তাঁর স্বামী আব্দুর রহিম দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি সৃষ্টি করেন। পাশাপাশি, তাঁর অন্য মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ বিষয় নিয়ে রবিবার প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম স্ত্রীকে বেধড়ক মারধর করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রেজানার চিৎকার শুনে প্রতিবেশী ও আত্মীয়-পরিজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী ও আত্মীয়রা অভিযুক্ত আব্দুর রহিমকে আটক করে চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ