
মুম্বই, ১২ এপ্রিল (হি.স.) : কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার। মুম্বইয়ের দাদর স্থিত ঐতিহাসিক শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। রবিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শনিবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আশা ভোঁসলের পুত্র আনন্দ ভোঁসলে এদিন জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল, যার ফলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত তাঁর মরদেহ লোয়ার পারেলের বাসভবনে শায়িত রাখা হবে, যাতে সাধারণ মানুষ ও গুণমুগ্ধরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন। এরপর বিকেল ৪টে নাগাদ শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
মহারাষ্ট্রের সাংস্কৃতিক মন্ত্রী আশিস শেলার গভীর শোক প্রকাশ করে বলেন, আজ মহারাষ্ট্র তথা গোটা দেশ শোকাচ্ছন্ন। একটি যুগের অবসান হলো। আশাটাই (আশা দিদি) আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর উপস্থিতি আমাদের বছরের পর বছর মানসিক প্রশান্তি দিত। দুঃখকে জয় করে মানুষকে আনন্দ দেওয়াই ছিল তাঁর বিশেষত্ব। গোটা বিশ্ব তাঁর প্রতিভায় মুগ্ধ ছিল। মন্ত্রী আরও জানান, পরিবারের ইচ্ছানুযায়ী মরদেহ বাড়িতে রাখার পর রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে এই কিংবদন্তিকে।
হিন্দুস্থান সমাচার / সোনালি