
বক্সনগর (ত্রিপুরা), ১২ এপ্রিল (হি.স.) : টিটিএএডিসি নির্বাচনের দিন পানীয় জলের তীব্র সংকটকে কেন্দ্র করে সিপাহীজলা জেলার বক্সনগর এলাকায় উত্তেজনা ছড়ায়। মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিবাড়ি এলাকার মহিলারা রবিবার দুপুরে বক্সনগর- বিশালগড় সড়কে অবরোধে বসেন। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্সনগর আর ডি ব্লকের অধীন কালিবাড়ি এলাকার বাসিন্দারা টানা প্রায় সাত দিন ধরে পানীয় জলের অভাবে ভুগছিলেন। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ চরমে পৌঁছায়। রবিবার দুপুরে এলাকার মহিলারা একত্রিত হয়ে রাস্তায় বসে অবরোধ শুরু করেন।
অবরোধে সামিল মহিলাদের অভিযোগ, এলাকায় ড্রেন নির্মাণের কাজ চলাকালীন পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এর জেরে সম্পূর্ণভাবে জল সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে। রান্না, পানীয় জল সংগ্রহসহ নিত্যপ্রয়োজনীয় কাজে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তাঁরা।
এছাড়াও ক্ষুব্ধ গ্রামবাসীদের দাবি, গত প্রায় পাঁচ বছর ধরে বারবার সংশ্লিষ্ট দফতর ও কর্তৃপক্ষকে সমস্যার কথা জানানো হলেও স্থায়ী কোনও সমাধান করা হয়নি। অস্থায়ীভাবে কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি বলেও অভিযোগ করেন তাঁরা।
অবরোধের খবর পেয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। প্রতিনিধিরা দ্রুত পাইপলাইন মেরামতসহ স্থায়ী সমাধানের আশ্বাস দিলে প্রায় এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন মহিলারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ