
শান্তিরবাজার (ত্রিপুরা), ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের দিন শান্তিরবাজার মহকুমার ২৬-বীরচন্দ্র কলসী কেন্দ্রের বিভিন্ন পোলিং স্টেশনে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা সামনে এসেছে।
নির্বাচনের প্রাথমিক পর্যায়ে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শুরু হলেও দুপুরের পর থেকেই একাধিক এলাকায় হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন বুথে দফায় দফায় মারামারির ঘটনা ঘটে, যার জেরে বহু মানুষ আহত হন। পরিস্থিতির অবনতি হওয়ায় কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি প্রায় শূন্যে নেমে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অলোইছড়া এলাকায় অন্তত তিনটি বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। অন্যদিকে, ২৬ নম্বর কেন্দ্রের ৩৫ নম্বর বুথের অন্তর্গত অনন্ত সর্দার পাড়ায় সংঘর্ষে বিজেপি মনোনীত প্রার্থী সঞ্জীব রিয়াং আহত হন বলে খবর।
এছাড়াও দেবদারু এলাকায় বিজেপি-র অন্তত পাঁচজন কর্মী আক্রান্ত হয়ে গুরুতর জখম হন। আহতদের দ্রুত জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে সংঘর্ষপ্রবণ এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হলেও বিচ্ছিন্ন অশান্তির খবর বিভিন্ন স্থান থেকে আসতে থাকে।
এদিকে, নির্বাচন চলাকালীন এমন অশান্তির ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বে থাকা অবজারভারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি ঘটনাস্থলে সক্রিয় ভূমিকা না নিয়ে সরকারি আবাসনে অবস্থান করছিলেন। যদিও এই অভিযোগের সত্যতা প্রশাসনের পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিকদের সক্রিয় হস্তক্ষেপ প্রয়োজন, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় এবং অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।
সার্বিকভাবে, শান্তিরবাজারের এই কেন্দ্রটিতে নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে যে অশান্তির চিত্র সামনে এসেছে, তা প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ