
হুগলি, ১২ এপ্রিল (হি.স.) হুগলির উত্তরপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হল নির্বাচনী ইস্তেহার। রবিবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই ইস্তেহার প্রকাশ করেন সাংসদ কল্যাণ বান্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষ। ইস্তেহারে উত্তরপাড়া অঞ্চলের সামগ্রিক উন্নয়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। রাস্তা সংস্কার, পানীয় জলের উন্নত ব্যবস্থা, নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ এবং স্বাস্থ্য পরিষেবার প্রসারের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাও এই ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। কল্যাণ বক্তব্য রাখতে গিয়ে বলেন, “উত্তরপাড়ার উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে এই ইস্তেহারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সাধারণ মানুষের চাহিদা ও সমস্যাকে মাথায় রেখেই এই পরিকল্পনা তৈরি করা হয়েছে।” দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে এই ইস্তেহারকে সামনে রেখেই প্রচার আরও জোরদার করা হবে এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে উন্নয়নের বার্তা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA