
গুয়াহাটি, ১৩ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি মহানগরের দিশপুর পুলিশ অভিযান চালিয়ে দুই মহিলা, এক নাবালক সহ চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। এর সঙ্গে গ্ৰেফতার করা হয়েছে এক ভারতীয় দালালকেও।
আজ সোমবার দিশপুর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পুলিশ গুয়াহাটির সসল এলাকায় অভিযান চালিয়ে চার বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। ধৃতদের নুর সেলিম শেখ (৩২), মুন্নি আখতার (২২), মুক্তা শেখ (২৫) এবং একজন নাবালক। এরা গত শুক্রবার (১০ এপ্রিল) থেকে সসল এলাকায় অবস্থান করছিল।
গ্রেফতারকৃত বাংলাদেশি নাগরিকরা এক দালাল মহম্মদ আক্কাস আলি (৩২)-র হাত ধরে ভারতে প্রবেশ করেছিল। বরপেটা জেলার বাসিন্দা দালাল আক্কাস আলি পেশায় একজন ট্যাক্সি চালক। এই দালালই তাদের যাতায়াত এবং গুয়াহাটিতে থাকার ব্যবস্থা করেছিল।
ধৃত বাংলাদেশিদের জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশর সূত্র জানিয়েছে, এদের গুয়াহাটি থেকে মুম্বাই যাওয়ার উদ্দেশ্য ছিল। দালালের প্রলোভনে চাকরির সন্ধানে বৈধ কাগজপত্র ছাড়াই তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। দালাল আক্কাস আলি ওই বাংলাদেশি নাগরিকদের জন্য বরপেটা জেলা থেকে ভুয়ো ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে লাল টি-শার্ট পরিহিত যুবকই দালাল আক্কাস আলি। আক্কাস আলি সহ তাদের বিরুদ্ধে ‘ইমিগ্র্যাশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট ২০২৫’-এর ধারা ২৪ এবং ভারতীয় ন্যায় সংহিতার ২১(২) / ৪৫ / ৩১৮(৪) / ৩৩৬(২) / ৩৪০(২) / ১১২(২) ধারায় ২০৭/২০২৬ দিশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। তাছাড়া, বাংলাদেশিদের আনাগোনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে এবং অনুপ্রবেশকারী চক্র উদঘাটন করতে তদন্ত চলছে, জানিয়েছে দিশপুর থানার সূত্রটি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস