
কোচবিহার, ১৩ এপ্রিল, (হি.স.): শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণের গাড়িতে ভাঙচুর এবং রবিবার রাতে অশান্তির ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোটের আগে এ ভাবে তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনা নিয়ে সোমবার মাথাভাঙা থানায় উচ্চপর্যায়ের বৈঠক করলেন জেলা পুলিশের কর্তারা। কী কারণে অশান্তি ছড়াল, আর কারা এই ঘটনার নেপথ্যে রয়েছেন, তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় মাথাভাঙার পাঁচ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। গোলমালের সূত্রপাত সেখানেই। সেই অশান্তি গড়ায় মাথাভাঙা থানার সামনেও। পরে তা আরও ছড়িয়ে পড়ে। সেই সময়ে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গাড়ি করে যাচ্ছিলেন।
অভিযোগ, সাবিত্রীর গাড়ি-সহ আরও একটি গাড়িতে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। দু’পক্ষকে সামলাতে কার্যত হিমশিম খায় পুলিশ। শেষে কেন্দ্রীয় বাহিনী নামে। সাবিত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত