
বাদুড়িয়া, ১৩ এপ্রিল, (হি.স.): “এখানে কোনো সাম্প্রদায়িক বা বিভেদকামী অপশক্তি নয়, মানুষের ভালোবাসা ও আশীর্বাদে আবারও জোড়াফুল ফুটতে চলেছে।” সোমবার উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র সম্পর্কে সামাজিক মাধ্যমে এই মন্তব্য করেছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “জনসভায় যে জনপ্লাবন এবং মানুষের অদম্য উচ্ছ্বাস প্রত্যক্ষ করলাম, তাতে আমি এ ব্যাপারে নিশ্চিত।
যারা সম্প্রীতির বাংলায় অরাজকতার বার্তা দেয়, যারা মানুষের মৌলিক অধিকার হরণ করে, সেই বাংলা-বিরোধী কৃতঘ্ন বিজেপির ঠাঁই নেই এই মাটিতে। বিজেপির ভণ্ডামির মুখোশ আজ জনসমক্ষে উন্মোচিত। আমরা নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে মিথ্যে প্রতিশ্রুতি দিই না। প্রখর রৌদ্র, ঝঞ্ঝা ও দুর্যোগের মাঝেও আমরা সাধারণ মানুষের কল্যাণে তাঁদের পাশে থাকি।
সেই কারণেই, বাদুড়িয়ার সর্বস্তরের জনগণ দৃঢ়ভাবে মত প্রকাশ করছেন- তৃণমূল কংগ্রেসের উন্নয়নই তাঁদের ভরসা ও শক্তি। আমি প্রত্যাশা রাখছি, স্বৈরাচারী বিজেপিকে উপযুক্ত জবাব দিতে - বাদুড়িয়া বিধানসভা কেন্দ্র থেকে ‘মা-মাটি-মানুষ’-এর প্রার্থী বুরহানুল মুকাদ্দিম (লিটন)-কে জোড়াফুল প্রতীকে ভোট প্রদান করে বিপুল ব্যবধানে জয়ী করবেন। জয় বাংলা! জয় তৃণমূল!”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত