
আরামবাগ, ১৩ এপ্রিল (হি.স.) : সোমবার আরামবাগে এসআইআর তালিকা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। আরামবাগ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং তিরোল গ্রাম পঞ্চায়েতের মাদ্রা গ্রামের বেশ কিছু বাসিন্দার অভিযোগ, সাম্প্রতিক তালিকায় তাঁদের নাম বাদ পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী বাসিন্দাদের দাবি, তাঁরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করলেও হঠাৎ করে তালিকা থেকে নাম বাদ যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। এর প্রতিবাদে তাঁরা আরামবাগ মহকুমা শাসকের দফতরে উপস্থিত হয়ে স্বেচ্ছামৃত্যুর আবেদনপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়দের একাংশের বক্তব্য, একাধিকবার সংশ্লিষ্ট দফতরে যোগাযোগ করা হলেও এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি। ফলে বাধ্য হয়েই তাঁরা এই চরম পথ বেছে নিতে চলেছেন। ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া মেলেনি। পুরো বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA