
কদমতলা (ত্রিপুরা), ১৩ এপ্রিল (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় জাতীয় সড়কের ওপর দুঃসাহসিক লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত আনুমানিক সাড়ে ৯টা নাগাদ শনিছড়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এক ডাম্পার গাড়ি আটকে চালককে বেধড়ক মারধর করে নগদ ১ লক্ষ ৯৮ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনতাই করে দুষ্কৃতীরা।
অভিযোগ অনুযায়ী, টিআর০৫-এল-১৫৬২ নম্বরের ডাম্পার গাড়িটি নিয়ে চালক আব্দুল মতিন চুড়াইবাড়ি খাদিমপাড়া এলাকা থেকে পাথর বিক্রি করে আগের পাওনা সহ মোট ১ লক্ষ ৯৮ হাজার টাকা সংগ্রহ করে ধর্মনগরে মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। সেই সময় একদল বাইক আরোহী প্রথমে গাড়িটি আটক করে চালকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। পরে বিষয়টি সাময়িকভাবে মিটে গেলেও শনিছড়া পেট্রোল পাম্প পেরিয়ে নির্জন স্থানে পুনরায় গাড়িটি আটকে হামলা চালায় দুষ্কৃতীরা।
অভিযুক্তরা লোহার রড ও লাঠি দিয়ে চালক আব্দুল মতিনকে গুরুতরভাবে মারধর করে এবং তাঁর কাছে থাকা নগদ টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। প্রাণ বাঁচাতে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে নিকটবর্তী একটি বাড়িতে আশ্রয় নেন এবং সেখান থেকে মালিকপক্ষকে খবর দেন।
পরে গাড়ির মালিকপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, গাড়িটি আর সেখানে নেই। স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের মাধ্যমে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা ঘটনার কথা স্বীকার করে এবং গাড়িটি কোথায় রাখা হয়েছে তা জানায়। পরে পুলিশ গিয়ে অন্যত্র রাখা গাড়িটি উদ্ধার করে।
এই ঘটনায় চুড়াইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে দীনবন্ধু চন্দ্র (২৮), বীরজিৎ চন্দ (২৭) সহ মোট পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। তবে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পাশাপাশি ছিনতাই হওয়া নগদ টাকা ও গাড়ির চাবিও উদ্ধার হয়নি।
এদিকে গুরুতর আহত চালক আব্দুল মতিন বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গাড়ির মালিক তাহের আলীর ছোট ভাই আহাদুল হক প্রশাসনের কাছে দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছিনতাই হওয়া টাকা ও গাড়ির চাবি উদ্ধার করার দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ