দুর্গাপুরের জনসভা থেকে কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার
দুর্গাপুর, ১৩ এপ্রিল (হি. স.) : সোমবার দুর্গাপুরের এক নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ব্যবহার করে জেলায় জেলায় তৃণমূ
মমতা সভা দুর্গাপুর


দুর্গাপুর, ১৩ এপ্রিল (হি. স.) : সোমবার দুর্গাপুরের এক নির্বাচনী জনসভা থেকে নির্বাচন কমিশন এবং বিজেপিকে একযোগে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের ব্যবহার করে জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মী ও বুথ এজেন্টদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।

​মুখ্যমন্ত্রীর দাবি, জেলা শাসকদের নির্দেশ দেওয়া হচ্ছে তৃণমূলের সক্রিয় কর্মীদের বিরুদ্ধে ‘গাঁজা মামলা’ দিয়ে গ্রেফতার করতে। এমনকি মধ্যরাতে তল্লাশি চালিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতাদের তুলে নিয়ে যাওয়ার পরিকল্পনাও করা হচ্ছে বলে তিনি চাঞ্চল্যকর অভিযোগ তোলেন।

​এদিন সভামঞ্চ থেকে তিনি আরও বলেন, ভোটের দিন বিজেপি কর্মীরা নির্বাচন কমিশনের কর্মী সেজে বুথে বসে থাকার পরিকল্পনা করছে। এই ধরনের কার্যকলাপ গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক বলেও তিনি মন্তব্য করেন। বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়ে মুখ্যমন্ত্রী তাঁদের “দালাল” ও “অত্যাচারী” বলে আক্রমণ করেন। পাশাপাশি, দলীয় কর্মীদের যে কোনও প্ররোচনায় পা না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনগণকে সজাগ থাকার বার্তা দেন।

​মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে ভোটমুখী রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande