
নরেন্দ্রপুর, ১৩ এপ্রিল (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুরের নরেন্দ্রপুর থানার নবগ্রাম এলাকায় একটি আবাসনের ফ্ল্যাট থেকে রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অরূপ মণ্ডল (৩৭)। ঘটনাস্থল থেকে পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। আবাসনের অন্যান্য বাসিন্দারা বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি। পরিবারের দাবি, সোমবার গভীর রাতে প্রায় একটা নাগাদ এক পরিচিত ব্যক্তির কাছ থেকে অরূপের মামা শংকর নস্কর এই ঘটনার খবর পান। এরপর দ্রুত পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্নও মিলেছে বলে জানা গিয়েছে, যা ঘটনার রহস্য আরও ঘনীভূত করেছে। এই ঘটনায় অরূপের বান্ধবী প্রিয়াঙ্কা দাস এবং তার এক বন্ধু রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। নির্বাচনী আবহের মধ্যে এই গুলি চালানোর ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়