
নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে 'সংঘ গঙ্গা কে তিন ভগীরথ' শীর্ষক একটি বিশেষ হিন্দি নাটক আগামী ১৫, ১৮ এবং ১৯ এপ্রিল দিল্লির তিনটি পৃথক জায়গায় মঞ্চস্থ হবে। নাটকটির পরিচালক সঞ্জয় পেন্ডসে এই বিষয়ে জানিয়েছেন। পেন্ডসে জানান, সংঘের শতবর্ষ উপলক্ষে দেশজুড়ে নাটকটি মঞ্চস্থ করা হচ্ছে। 'সংঘ গঙ্গা কে তিন ভগীরথ' নাটকটি সংঘের প্রথম তিনজন সরসঙ্ঘচালক— ডঃ কেশব বলিরাম হেডগেওয়ার, মাধব সদাশিব গোলওয়ালকর (গুরুজি) এবং বালাসাহেব দেওরসের জীবন ও অবদানের উপর ভিত্তি করে নির্মিত। নাটকটিতে সংঘের একশো বছরের যাত্রাপথকে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে।
আগামী বুধবার (১৫ এপ্রিল) দিল্লিতে নাটকটি প্রথম মঞ্চস্থ হবে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি)-র উদ্যোগে। সিএআইটি-র জাতীয় সভাপতি বাল কৃষ্ণ ভরতিয়া জানিয়েছেন, ওই দিন নতুন দিল্লির সংসদ মার্গের এনডিএমসি কনভেনশন সেন্টারে বিকেল ৫টায় নাটকটি উপস্থাপিত হবে। নাটকটি লিখেছেন শ্রীধর গাডগে। এতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠা, এর উদ্দেশ্য, সমাজসেবা এবং বিকাশের চিত্র তুলে ধরা হয়েছে। এতে জাতীয়তাবাদ, সামাজিক সম্প্রীতি এবং সংঘের শতবর্ষব্যাপী সংগ্রাম ও সম্প্রসারণকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় পর্বে নাটকটি মঞ্চস্থ হবে আগামী শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় ময়ূর বিহারের মহারাজা অগ্রসেন মহাবিদ্যালয় (বসুন্ধরা এনক্লেভ)-এ। এই বিষয়ে জানিয়েছেন সংঘের দিল্লি পূর্ব বিভাগ–এর সঙ্ঘচালক বীরেশ কুমার। আর কেশব পুরম বিভাগের সঙ্ঘচালক বীরেন্দ্র নাগপাল জানিয়েছেন, তৃতীয় পর্বে নাটকটি মঞ্চস্থ হবে রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টায়, নর্থ অ্যাভিনিউয়ের শ্যামা প্রসাদ মুখার্জি মহাবিদ্যালয়ে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ