
দুর্গাপুর, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুর্গাপুরে এক বর্ণাঢ্য রোড শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দুর্গাপুর পূর্ব ও পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং লক্ষণ ঘোড়ুইয়ের সমর্থনে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন রাজেন্দ্র প্রসাদ কালী মন্দির থেকে চন্ডীদাস মার্কেট পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে এই মিছিল পরিক্রমা করে। বিজেপি কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে রোড শো ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। রাস্তার দু’পাশে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো; বহু মানুষকে হাত নেড়ে শাহকে অভিবাদন জানাতে দেখা যায়।
রোড শো চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ একাধিক জনকল্যাণমূলক নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি ঘোষণা করেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে বেকার যুবকদের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতা এবং মহিলাদের জন্য বিশেষ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। পাশাপাশি তিনি ‘অনুপ্রবেশকারীদের’ বাংলা থেকে উৎখাত করার প্রসবেও পুনরায় কড়া বার্তা দেন।
এই রোড শো-কে কেন্দ্র করে দুর্গাপুরে রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বেড়ে গিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, এদিনের জনসমাগমই প্রমাণ করছে যে এলাকার মানুষ পরিবর্তনের পক্ষে এবং প্রার্থীরা ব্যাপক জনসমর্থন পাচ্ছেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়