
কলকাতা, ১৩ এপ্রিল, (হি.স.): ভোটের মাত্র দশদিন আগে ফের পশ্চিমবঙ্গে পুলিশ পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। পর্যবেক্ষক নিয়োগ নিয়ে কমিশনকে তোপ দেগেছে তৃণমূল।
ভিনরাজ্যের এক আইপিএস অফিসারকে বাংলার পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষক সর্বানা বিবেক এম। তিনি ওড়িশা ক্যাডারের আইপিএস অফিসার। কমিশনের নির্দেশ অনুযায়ী, নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার কাজ ঠিকমতো হচ্ছে কিনা, তার খেয়াল রাখবেন পুলিশ পর্যবেক্ষক। সেই সংক্রান্ত যাবতীয় রিপোর্ট তিনি কমিশনে পাঠাবেন।
সোমবার তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, ‘অবাধ ও সুষ্ঠু’ ভোটের নামে বাংলার বিভিন্ন প্রান্তে এমন সব আধিকারিক পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে, যাঁদের বিরুদ্ধে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে কোটি টাকার দুর্নীতি, এমনকি নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। 'কমিশন কেবল বেছে বেছে বিজেপি ঘনিষ্ঠ বা কলঙ্কিত আধিকারিকদেরই বাংলায় পাঠাচ্ছে।' এই অভিযোগও করেছে রাজ্যের শাসক দল।
প্রসঙ্গত, ভোট ঘোষণার পর থেকেই একের পর এক পুলিশ আধিকারিক, আইপিএসকে সরিয়ে দেওয়া হয়েছে। ভিনরাজ্যের আধিকারিককে বাংলার ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তা নিয়ে এর আগেও একাধিকবার সরব হয়েছে শাসক শিবির তৃণমূল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত