
উত্তর ২৪ পরগনা, ১৩ এপ্রিল (হি. স.):- হিঙ্গলগঞ্জে জোরদার প্রচারে নামলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। রবিবার কাঠারবাড়ি মোড় থেকে শুরু করে ৮ নম্বর ও ৯ নম্বর এলাকা অতিক্রম করে হিঙ্গলগঞ্জ পর্যন্ত দীর্ঘ পদযাত্রা ও জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি।চৈত্র মাসের তীব্র গরম উপেক্ষা করেই এদিন কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পথে নামেন প্রার্থী। পদযাত্রার সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের কাছে ভোটের আবেদন জানান। একইসঙ্গে জয়ী হলে এলাকার উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া হবে, তাও তুলে ধরেন।রেখা পাত্র বলেন, হিঙ্গলগঞ্জ বিধানসভায় জয়ী হলে নদীবাঁধ মেরামত, গ্রামীণ রাস্তার উন্নয়ন এবং পানীয় জলের সমস্যার সমাধান তাঁর অগ্রাধিকার হবে। উপকূলবর্তী এই অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে শক্তিশালী বাঁধ নির্মাণের আশ্বাসও দেন তিনি।এদিনের পদযাত্রায় বিজেপি কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। সব মিলিয়ে, নির্বাচনের আগে এই কর্মসূচির মাধ্যমে জনসংযোগ বাড়াতে এবং ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে তৎপর বিজেপি নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়