
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) :
প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য রেলযাত্রাকে আরও সহজ ও মর্যাদাপূর্ণ করতে বড়সড় পদক্ষেপ নিল পূর্ব রেল। এক সময় স্টেশনের উঁচু সিঁড়ি বা ফুট ওভারব্রিজ পার হওয়া যাঁদের কাছে ছিল বড় চ্যালেঞ্জ, আধুনিক লিফট ও এস্কেলেটর চালুর ফলে সেই চিত্র এখন দ্রুত বদলাচ্ছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত বিভিন্ন বিভাগে মোট ৯৩টি লিফট এবং ৭৭টি এস্কেলেটর চালু করা হয়েছে। আসানসোল, হাওড়া, মালদা ও শিয়ালদহ বিভাগের গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে এই আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ফলে যাত্রী চলাচল অনেক বেশি স্বচ্ছন্দ হয়েছে। বিশেষ করে হাঁটুর ব্যথায় ভোগা প্রবীণ এবং শারীরিকভাবে অক্ষম যাত্রীরা এর ফলে সরাসরি উপকৃত হচ্ছেন।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকাঠামো উন্নয়নের এই কাজ এখানেই থেমে থাকছে না। আগামী ২০২৬-২৭ অর্থবর্ষে ব্যস্ত স্টেশনগুলিতে আরও ১৪টি লিফট এবং অতিরিক্ত এস্কেলেটর বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগ প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানান, যাত্রীদের যাতায়াতের অভিজ্ঞতাকে কষ্টকর থেকে আরামদায়ক করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই আধুনিকীকরণের ফলে ভবিষ্যতে এমন এক পরিবেশ গড়ে উঠবে, যেখানে কোনও যাত্রীকেই আর স্টেশনের সিঁড়ি ভাঙার ভয় পেতে হবে না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত