
আরামবাগ, ১৩ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে গোঘাট কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাঝির হলফনামা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। নির্বাচন কমিশনে জমা দেওয়া এই হলফনামায় তাঁর আয়, সম্পত্তি, ব্যাংক ব্যালান্স ও অন্যান্য আর্থিক তথ্য তুলে ধরা হয়েছে।
হলফনামা অনুযায়ী, নির্মল মাঝির বার্ষিক আয় ৩ লক্ষ ২০ হাজার ৬৫২ টাকা। তাঁর নামে একটি মামলা বিচারাধীন রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। বর্তমানে তাঁর হাতে নগদ রয়েছে ১৪ হাজার টাকা। ব্যাংকে সঞ্চয়ের পরিমাণও নজর কেড়েছে; কলকাতা হাই কোর্ট সংলগ্ন একটি ব্যাংক শাখায় তাঁর ১১ লক্ষ ৬৫ হাজার ৯৫৩ টাকা জমা রয়েছে। এছাড়া কালীঘাটের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) শাখায় রয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৪৬২ টাকা এবং আমতা SBI শাখায় রয়েছে ৮৬ হাজার ৪০০ টাকা।
সম্পত্তির খতিয়ান অনুযায়ী, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬১ লক্ষ ২৭ হাজার ৮৯৬ টাকা এবং তাঁর কাছে ৪০ গ্রাম সোনা রয়েছে। অন্যদিকে, তাঁর ওপর ১ লক্ষ ২৪ হাজার ৪৯৯ টাকার ঋণ রয়েছে। অকৃষি জমির ক্ষেত্রেও তাঁর দুটি সম্পত্তির উল্লেখ রয়েছে; একটি জমির পরিমাণ ৩ হাজার ৫৭১ স্কোয়ার ফিট, যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা এবং অন্যটি ৪৩৫ স্কোয়ার ফিট, যার মূল্য ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে।
নির্বাচনের আগে প্রার্থীদের হলফনামা প্রকাশ্যে আসা স্বচ্ছতার অন্যতম গুরুত্বপূর্ণ দিক বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নির্মল মাঝির এই আর্থিক বিবরণী ভোটারদের কাছে তাঁর আর্থিক অবস্থার একটি পরিষ্কার চিত্র তুলে ধরল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA