
উত্তর ২৪ পরগনা, ১৩ এপ্রিল (হি.স.): বসিরহাট উত্তর বিধানসভার আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লা ভোটের প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন। সোমবার বলদেপোতা গ্রামের ২২২ নম্বর বুথ এলাকায় হুডখোলা গাড়িতে করে প্রচারে গেলে স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁর গাড়ি আটকে ক্ষোভ দেখান। অভিযোগ, কয়েক মাস আগে এক সভায় তিনি বলেছিলেন, আইএসএফ ক্ষমতায় এলে মাদ্রাসার নামে চাঁদা তোলা বন্ধ হবে। সেই মন্তব্য ঘিরেই উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা তাঁর কাছে ওই বক্তব্যের জবাব চান। দীর্ঘক্ষণ রাস্তায় আটকে থাকেন প্রার্থী, পরে পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে পুলিশ। এ দিকে বিক্ষোভের মুখে রাস্তায় বসে পাল্টা বিক্ষোভ শুরু করেন আইএসএফ প্রার্থী মুসা কারিমুল্লা। তাঁর দাবি, তৃণমূলের লোকজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিক্ষোভ করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ