
হাফলং (অসম), ১৩ এপ্রিল (হি.স.) : সিঙ্গাপুরে জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুতে অসমবাসীর মধ্যে এক আলোড়নের সৃষ্টি করেছিল। জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যু সংক্রান্ত মামলাটি শুনানির জন্য গুয়াহাটি হাইকোর্ট একটি ফাস্ট ট্র্যাক আদালত এবং বিচারপতি সুমিত্রা শইকিয়ার নেতৃত্বে একজনের তদন্ত কমিটি গঠন করে দিয়েছিল। একজনের তদন্ত কমিটি ডিমা হাসাও জেলার হাফলং উপ-কারাগারে আটক শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য রবিবার একজনের তদন্ত কমিটির সদস্য হাফলং আবর্ত ভবনে এসেছেন। একক তদন্ত কমিটির আইনজীবী পল্লবী কাকতি, ভাস্কর শর্মা (উভয়েই গুয়াহাটি হাইকোর্টের আইনজীবী), কামরূপ মেট্রো আদালতের অতিরিক্ত পাবলিক অ্যাডভোকেট সমুদ্রগুপ্ত দত্ত এবং অসম সচিবালয়ের স্টেনোগ্রাফার প্রিয়রঞ্জন সিং আজ সোমবার কড়া নিরাপত্তার মধ্যে হাফলং উপ-কারাগারে গিয়ে জিজ্ঞাসাবাদ চালান।
কমিশনের চেয়ারপার্সন বিচারপতি সুমিত্রা শইকিয়া জিজ্ঞাসাবাদের জন্য ভিডিওগ্রাফি সহ সবধরনের সুবিধা প্রদানের জন্য ডিমা হাসাও জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জিজ্ঞাসাবাদের সময় একজনের তদন্ত কমিটির সচিব অনুপ পাঠকও ছিলেন। আজ সোমবার থেকে শুরু হওয়া এই জিজ্ঞাসাবাদ ১৭ এপ্রিল পর্যন্ত চলবে। তবে জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তকে কী প্রশ্ন করা হয়েছিল তা জানা যায়নি।
উল্লেখ্য, জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর পর দুই অভিযুক্ত শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহান্তকে ২০২৫ সালের ১৭ অক্টোবর থেকে হাফলং উপ-কারাগারে রাখা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব