
কেশপুর, ১৩ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ভয়মুক্ত পরিবেশ গড়ে তুলতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ করলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণ এবং পুলিশ সুপার পাপিয়া সুলতানার নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।এদিন প্রায় সকাল দশটা নাগাদ কেশপুর বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, সশস্ত্র পুলিশ এবং আধিকারিকদের সঙ্গে নিয়ে পরিদর্শনে নামেন প্রশাসনের প্রতিনিধিরা। সাঁজোয়া গাড়ি নিয়ে গোটা এলাকায় টহল দেওয়া হয় এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করা হয়।পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, এবারের নির্বাচন কেশপুরে সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। কোথাও কোনও সমস্যা হলে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া যাবে বলেও তিনি আশ্বাস দেন। পাশাপাশি নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সর্বত্র কড়া নজরদারি চালানো হচ্ছে বলে জানান তিনি।প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থা বাড়ছে বলে মনে করা হচ্ছে। বহুদিনের রাজনৈতিক অশান্তির ইতিহাস থাকা কেশপুরে এবার অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে তৎপর প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়