
আরামবাগ, ১৩এপ্রিল (হি.স) : নির্বাচনী প্রচারে পুরোদমে আত্মবিশ্বাসের সুর শোনা গেল খানাকুলের তৃণমূল কংগ্রেস প্রার্থী পলাশ রায়ের গলায়। রবিবার নতিবপুর অঞ্চলে প্রচারের পর সোমবার দৌলতচক শিবতলায় পুজো দিয়ে নতুন উদ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। এদিন জনসংযোগে বেরিয়ে পলাশ রায় দাবি করেন, সাধারণ মানুষের উৎসাহ ও স্বতঃস্ফূর্ত সমর্থন দেখে তাঁর রেকর্ড ব্যবধানে জয় এখন কেবল সময়ের অপেক্ষা।
এদিন সকালে দৌলতচকে পুজো দেওয়ার পর এলাকায় জনসংযোগে নামলে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তৃণমূল প্রার্থীকে ঘিরে স্থানীয়দের মধ্যে কার্যত উৎসবের আবহ তৈরি হয়। তাঁকে মালা পরিয়ে এবং ফুল ছুঁড়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি বহু মানুষ এগিয়ে এসে তাঁর সঙ্গে কথা বলেন।
প্রচারের ফাঁকে পলাশ রায় এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের গতিপ্রকৃতি নিয়ে সরব হন। তাঁর অভিযোগ, গত কয়েক বছরে খানাকুলে উন্নয়নের গতি থমকে রয়েছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তিনি আশ্বাস দেন যে, জয়লাভের পর এলাকার সার্বিক উন্নয়নে বিশেষ উদ্যোগ নেবেন এবং মানুষের সমস্যার সমাধানেই তাঁর অগ্রাধিকার থাকবে। এই প্রচার ঘিরে খানাকুল জুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ার পাশাপাশি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী ঘাসফুল শিবির।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA