মালদায় কড়া নিরাপত্তায় ভোটের প্রস্তুতি, পৌঁছল ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় পৌঁছে গিয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আরও ১০০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে
ভোটের নিরাপত্তা


মালদা, ১৩ এপ্রিল (হি. স.):- আসন্ন বিধানসভা নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মালদায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই জেলায় পৌঁছে গিয়েছে ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং আরও ১০০ কোম্পানি বাহিনী আসার কথা রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।সোমবার জেলাশাসক, পুলিশ সুপার এবং কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের তরফে জানানো হয়, জেলায় অতি স্পর্শকাতর বুথগুলি চিহ্নিত করা হয়েছে এবং দুষ্কৃতীমূলক কাজে যুক্ত ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।প্রশাসন স্পষ্ট জানিয়েছে, ভোটে কোনওরকম ভয় দেখানো, প্রলোভন, ছাপ্পা ভোট, বুথ দখল বা অশান্তি বরদাস্ত করা হবে না। প্রতিটি বুথে অন্তত হাফ সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। যেখানে একাধিক বুথ রয়েছে, সেখানে এক থেকে দুই সেকশন পর্যন্ত বাহিনী রাখা হবে। পাশাপাশি সমস্ত বুথ ও সংলগ্ন এলাকায় থাকবে কড়া সিসিটিভি নজরদারি।এছাড়াও, নির্বাচন চলাকালীন সিভিক ভলান্টিয়ার বা গ্রিন পুলিশকে কোনও আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকা জারি হয়েছে। প্রশাসন জানিয়েছে, ভোট গণনা অনুষ্ঠিত হবে মালদা কলেজ ও পলিটেকনিক কলেজে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande