
বারাসাত, ১৩ এপ্রিল (হি. স.): ২০২৬ সালের অমরনাথ যাত্রাকে সামনে রেখে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ঘিরে বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল বারাসাত জেলা হাসপাতালে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার কয়েকশো পুণ্যার্থী স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের জন্য হাসপাতালে উপস্থিত হন। তবে পরিকাঠামোগত সমস্যা ও পরিকল্পনার ঘাটতির কারণে পরিষেবা পেতে চরম ভোগান্তির শিকার হন তাঁরা।অভিযোগ, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও নির্ধারিত সময়ে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা যায়নি। ফলে ক্ষোভ বাড়তে থাকে অপেক্ষমাণ তীর্থযাত্রীদের মধ্যে। অনেকেই জানান, আগাম নোটিশ থাকা সত্ত্বেও পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তাঁদের হয়রানির মুখে পড়তে হয়েছে।পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভে ফেটে পড়েন পুণ্যার্থীরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তুলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার দাবি জানান তাঁরা। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট কোনও প্রতিক্রিয়া মেলেনি।ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। পরে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগ নেয় প্রশাসন। তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়