বীরভূমের জনসভা থেকে কেন্দ্র ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার, মনোনয়ন নিয়ে হয়রানির অভিযোগ
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে সোমবার বীরভূমের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মনোনয়ন প্রক্রিয়া ন
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অঙ্গ হিসেবে সোমবার বীরভূমের সিউড়িতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মনোনয়ন প্রক্রিয়া নিয়ে নতুন অভিযোগ তুলে তিনি বলেন, তাঁর মনোনয়নপত্র পরীক্ষার সময় চার ঘণ্টা ধরে তাঁকে হয়রান করা হয়েছে। জনতার উদ্দেশে মমতা বলেন, আমার মনোনয়নের সময় চার ঘণ্টা স্ক্রুটিনি করে আমাকে বিরক্ত করা হয়েছে। আমি কি ওদের ছেড়ে দেব? জনতা ছেড়ে দিলেও আমি ছাড়ব না। এর পাশাপাশি নির্বাচনের দিন সমর্থকদের তাঁর ‘সহযোদ্ধা’ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে মমতা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, প্রধানমন্ত্রী যদি নিজেকে রাজ্যের ২৯৪টি আসনেরই প্রার্থী বলে দাবি করেন, তবে তাঁর ঠিক করা উচিত তিনি দেশের প্রধানমন্ত্রী থাকবেন নাকি বাংলার মুখ্যমন্ত্রী হতে চান। বিজেপির বিরুদ্ধে বহিরাগত হওয়ার অভিযোগও পুনরায় তোলেন তিনি। কর্মসংস্থানের প্রসঙ্গে কেন্দ্রকে প্রশ্ন করে মুখ্যমন্ত্রী বলেন, বছরে দুই কোটি চাকরির প্রতিশ্রতির কী হলো? তাঁর দাবি, রাজ্য সরকার যখনই শূন্যপদ পূরণের চেষ্টা করে, তখনই মামলা করে নিয়োগ প্রক্রিয়া আটকে দেওয়া হয়। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ‘বুলডোজার’ মন্তব্যের প্রতিক্রিয়ায় মমতা জানান, তিনি বুলডোজারের রাজনীতিতে নয়, বরং ভালোবাসা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করেন।

দুর্নীতি ও অর্থপাচার প্রসঙ্গে বিজেপি নেতাদের পাল্টা আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নেতারা অন্যদের দিকে আঙুল তোলার আগে যেন নিজেদের নেতাদের জিজ্ঞেস করেন যে হলদিয়া বন্দর থেকে কত টাকা লেনদেন হয়। ভোটারদের সতর্ক করে তিনি বলেন, বিজেপির থেকে যেন কেউ টাকা না নেন, কারণ পরে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে সমস্যা তৈরি করা হতে পারে। এদিন মমতা ডেউচা-পাচামি প্রকল্পের গুরুত্ব তুলে ধরে জানান, এখানে ৩২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এবং প্রায় দুই লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। সোমবার সিউড়ির পর তাঁর আরও তিনটি কর্মসূচি রয়েছে কাঁকসা, বাঁকুড়া এবং দুর্গাপুরে, যেখানে তিনি তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande