তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙায় বাড়তি নিরাপত্তা
কোচবিহার, ১৩ এপ্রিল, (হি.স.): তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আবার উত্তপ্ত মাথাভাঙা। বিজেপির দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলা প্রার্থীর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির অভ
তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত মাথাভাঙায় বাড়তি নিরাপত্তা


কোচবিহার, ১৩ এপ্রিল, (হি.স.): তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আবার উত্তপ্ত মাথাভাঙা। বিজেপির দুই প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মহিলা প্রার্থীর গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপির বিরুদ্ধে এলাকায় অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছে শাসক শিবির। এর প্রেক্ষিতে রবিবার রাত থেকেই কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে ওই অঞ্চলে। সোমবারও রয়েছে কড়া নিরাপত্তা।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় মাথাভাঙার পাঁচ নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। সেখান থেকে গোলমালের সূত্রপাত। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষ হয়। দুই পক্ষের মারামারিতে তৃণমূলের এক কাউন্সিলর-সহ কয়েক জন আহত হন। তার পর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ শুরু করে শাসক শিবির।

ঠিক সেই সময়ে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ মাথাভাঙা থানার সামনে দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ওই মহিলা প্রার্থীর গাড়ি-সহ আরও একটি গাড়িতে ভাঙচুর চালান তৃণমূলের লোকজন। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয় পরিস্থিতি। দু’পক্ষকে সামলাতে কার্যত হিমশিম খায় পুলিশ। শেষে কেন্দ্রীয় বাহিনী নামে। রাতেই সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande