
মালদা, ১৩ এপ্রিল (হি.স.): নির্বাচনের মুখে চাঁচল বিধানসভায় শক্তিপ্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। সোমবার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের ঘগারপার গ্রামে আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বহু বাম কর্মী-সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় বিরোধীদের আক্রমণ করেন। তিনি বলেন, কংগ্রেস বা সিপিআইএম-কে ভোট দেওয়া মানে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেছন থেকে ছুরি মারা। এরা আদতে বিজেপির হাত শক্ত করছে। প্রসূনবাবুর দাবি, চাঁচলের মানুষ উন্নয়নের পক্ষেই রায় দেবেন এবং বিরোধীদের চক্রান্ত ব্যর্থ হবে।
যদিও এত বাম কর্মী-সমর্থকের তৃণমূলে যোগদানের দাবিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়েছে বাম শিবির। সিপিআইএম-এর জেলা কমিটির তরফে বলা হয়, তৃণমূল প্রার্থী বোধহয় জানেনই না ওই বুথে মোট কতজন ভোটার রয়েছে। এতজনের যোগদানের দাবি একেবারেই অলীক এবং বিভ্রান্তিকর।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ