
আরামবাগ, ১৩এপ্রিল (হি.স.) : পুরশুড়া বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী বিমান ঘোষ। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের তীব্রতা বাড়াচ্ছেন তিনি। এলাকায় এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন এবং তাঁদের সমস্যার কথা শুনছেন।
বিমান ঘোষের দাবি, তাঁর প্রচারে বিপুল সাড়া মিলছে। গ্রাম থেকে শহর—সব জায়গাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর সমর্থনে এগিয়ে আসছেন বলে তিনি জানান। প্রচারের সময় বহু মানুষ তাঁর সঙ্গে পা মিলিয়ে হাঁটছেন, যা তাঁর জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করছে বলেই মত তাঁর।
তিনি আরও বলেন, “পুরশুড়ার মানুষ পরিবর্তন চান। দীর্ঘদিনের বঞ্চনা ও উন্নয়নের অভাব থেকেই মানুষ এবার বিজেপির দিকে ঝুঁকছেন। আমার জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।” প্রচারের পাশাপাশি বিভিন্ন ছোট-বড় সভা ও পথসভাতেও অংশ নিচ্ছেন বিমান ঘোষ। সেখানে তিনি উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তাঁর বক্তব্য, নির্বাচিত হলে এলাকায় পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে তিনি অগ্রাধিকার দেবেন।
রাজনৈতিক মহলের মতে, পুরশুড়ায় এবার প্রতিদ্বন্দ্বিতা বেশ তীব্র। তবে বিমান ঘোষের এই জোরদার প্রচার কতটা ভোটে প্রতিফলিত হয়, সেটাই এখন দেখার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA