
নয়াদিল্লি, ১৩ এপ্রিল, (হি.স.): ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যৌক্তিক অসংগতির এই বিশেষ শ্রেনীটি কেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রয়োগ করা হচ্ছে? ‘বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার’ অভিযোগের বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি চলাকালীন প্রধান বিচারপতি সোমবার এই পর্যবেক্ষণ করেন।
এই সঙ্গে তাঁর পর্যবেক্ষণ, যে দেশে জন্ম, সেখানে ভোটাধিকার শুধুমাত্র একটি সাংবিধানিক অধিকার নয়, মানুষের গভীর আবেগের বিষয়ও। এই পরিস্থিতিতে রাজ্যে ২০২৬ বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এক নজিরবিহীন আইনি ও সামাজিক বিতর্কের মুখে এখন। তবে, ভোটার তালিকা ‘ফ্রিজ’ করা নিয়ে কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।
ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লক্ষ মানুষের নাম বাদ পড়ার ঘটনা এবং তার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলার শুনানি এখন দেশের সর্বোচ্চ আদালতে। বিশেষ করে, বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও কেন ভোটারদের নাম বাদ গেল এবং ‘ম্যাপড ভোটার’ ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত