
কলকাতা, ১৩ এপ্রিল (হি. স.):- সোমবার আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ কলকাতায় কড়া নিরাপত্তার আশ্বাস দিল প্রশাসন। অ্যাডিশনাল আইপিএস সন্তোষ পান্ডে, কমিশনার মনোজ কুমার এবং জেলা নির্বাচন আধিকারিক রণধীর কুমার যৌথভাবে জানিয়েছেন, কোনও ধরনের হিংসা বা অনিয়ম বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।প্রশাসন সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে প্রায় ৫০০টি মামলা পেন্ডিং থাকলেও বর্তমানে তা ৬৮১-এ পৌঁছেছে। তবে ইতিমধ্যেই ৯৬২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে দাবি প্রশাসনের। অর্থনৈতিক অনিয়ম রুখতেও কড়া নজরদারি চলছে। এখনও পর্যন্ত কলকাতা থেকে ৮১৪ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে এবং জানুয়ারি থেকে মোট ৮৯৪ কোটি টাকা উদ্ধার হয়েছে।দক্ষিণ কলকাতার রাজবিহারী, আশা কর্পোরেট এবং সাউথ সিটি-সহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। ইতিমধ্যেই ৩০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সংবেদনশীল চারটি বিধানসভা কেন্দ্রে সিআরপিএফ, এসটিএফ, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ যৌথভাবে টহল দিচ্ছে।পোস্টাল ব্যালটের জন্য ৪৭৭৪টি আবেদন জমা পড়েছে। নিয়মিত রুট মার্চ, নাকা চেকিং ও তল্লাশি অভিযানের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়