
মালদা, ১৩ এপ্রিল (হি.স.): এনআইএ-র হেফাজত থেকে ছাড়া পেয়ে ফের প্রচারে নামলেন মালদার মোথাবাড়ির কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী ওরফে বাবু। সোমবার সকালে রাজনগরে ভোট প্রচারে যান তিনি। রবিবার আলিনগরে প্রচার সভা থেকে মালদা কাণ্ডে তাঁকে আটক করে ফরাক্কার এনটিপিসি এলাকার অস্থায়ী শিবিরে নিয়ে যায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। রাত পর্যন্ত তাঁকে এবং তাঁর দুই নেতাকে আটকে রাখা হয়। রাত ৩টা নাগাদ ডিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। সায়েমের দাবি, তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। একটি মাত্র মোবাইল ফোন থাকায় ভোটের সময় সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তিনি।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সায়েম। তাঁর বক্তব্য, এনআইএ-র আধিকারিকরা বলেন, ফরাক্কা টাউনশিপে ক্যাম্পে যেতে হবে। আমি বলেছিলাম, প্রচার শেষে যাব। তাঁরা অনুমতি দেননি। যদিও জিজ্ঞাসাবাদের সময়ে তদন্তকারীরা কোনও খারাপ ব্যবহার করেননি। তবে আমার মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। আমার একটাই নম্বর। এখানে কর্মীরা যোগাযোগ করেন, ব্যাঙ্কের যাবতীয় সব এই নম্বরের সঙ্গে লিঙ্ক করা। আমার তো হাবভাব দেখে মনে হয়েছে, এটা চক্রান্ত।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ