তারকেশ্বরে প্রচার ঘিরে উত্তেজনা, মুখোমুখি “জয় বাংলা” বনাম “জয় শ্রী রাম”
আরামবাগ, ১৩ এপ্রিল ( হি. স.) : হুগলির তারকেশ্বর এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল। অভিযোগ, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্তু পানে তারকেশ্বর গ্রামীণ এলাকায় প্রচারে বের হলে আচমকাই তৃণমূল ও বিজেপি—দুই পক্ষের ম
তারকেশ্বরে বিজেপির প্রচারে উত্তেজনা


আরামবাগ, ১৩ এপ্রিল ( হি. স.) : হুগলির তারকেশ্বর এলাকায় নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনার সৃষ্টি হল। অভিযোগ, ভারতীয় জনতা পার্টির প্রার্থী সন্তু পানে তারকেশ্বর গ্রামীণ এলাকায় প্রচারে বের হলে আচমকাই তৃণমূল ও বিজেপি—দুই পক্ষের মধ্যে স্লোগান যুদ্ধ শুরু হয়। একপক্ষ “জয় বাংলা” স্লোগান তুলতে থাকলে, অপরপক্ষ থেকে পাল্টা “জয় শ্রী রাম” ধ্বনি দেওয়া হয়।

​পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়।

​স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রচারের সময় একটি পথসভাকে কেন্দ্র করেই এই বচসার সূত্রপাত। যদিও বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে পরিস্থিতি সামাল দিতে বেশ কিছু সময় এলাকায় চরম উত্তেজনা বজায় ছিল। এ বিষয়ে বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁদের শান্তিপূর্ণ প্রচারে পরিকল্পিতভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে, বিরোধী শিবিরের দাবি, বিজেপির উস্কানিমূলক আচরণের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

​ঘটনার পর থেকে এলাকায় পুলিশি নজরদারি আরও বাড়ানো হয়েছে। নির্বাচনের দিন যত এগোচ্ছে, তারকেশ্বর-সহ সংলগ্ন এলাকায় রাজনৈতিক পারদ ততই চড়ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande