
বাঁকুড়া, ১৩ এপ্রিল (হি.স.): সোমবার সকালে দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে তলিয়ে যায় এক কিশোর। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হাসপাতালে নিয়ে গেলে, সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৃষ্ণ ঘোষ (১২)। বাড়ি বিষ্ণুপুরের ৪ নম্বর ওয়ার্ডের বাগীশ পাড়ায়। সে বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র। স্থানীয় পুরপ্রতিনিধি বলেন, তার গাজন উৎসবে অংশগ্রহণ করার কথা ছিল। রবিবার ধর্মীয় অনুষ্ঠান সেরে রাতে বাড়ি ফেরে কৃষ্ণ। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে দ্বারকেশ্বরে স্নান করতে নেমে তলিয়ে যায় সে। পুলিশ তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ