
নয়ডা, ১৩ এপ্রিল (হি.স.): বেতন বৃদ্ধির দাবিকে ঘিরে অশান্ত হয়ে উঠল উত্তর প্রদেশের নয়ডা। বেতন বৃদ্ধির দাবিতে সোমবার বিক্ষোভ দেখায় শ্রমিক সংগঠন। এর জেরে সোমবার সকালে দিল্লি-নয়ডা সীমান্তে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এ দিন ভোর থেকেই শুরু হওয়া এই বিক্ষোভের জেরে দিল্লি ও নয়ডার সংযোগকারী গুরুত্বপূর্ণ সড়কগুলিতে, বিশেষ করে ৯ নম্বর জাতীয় সড়কে যান চলাচল প্রায় স্তব্ধ হয়ে পড়ে। কয়েক কিলোমিটার দীর্ঘ গাড়ির লাইন তৈরি হয়, অফিসগামী বহু মানুষ ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকেন। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা। পুলিশ সূত্রে জানা গেছে, নয়ডার ফেজ ২ ও সেক্টর ৬০ এলাকায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে। বিভিন্ন শিল্প ক্ষেত্রের বিপুল সংখ্যক শ্রমিক বহু দিনের বকেয়া বেতন কাঠামো সংশোধনের দাবিতে এ দিন রাস্তায় নামেন। স্লোগান তুলে আন্দোলন চললেও কিছু ক্ষণ পরেই পরিস্থিতি বিক্ষিপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভকারীদের একটি অংশ ভাঙচুর শুরু করে, পাথর ছোঁড়ে এবং একটি গাড়িতে আগুন লাগায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ।
এই বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচির জেরে ব্যাপক ভাবে ব্যাহত হয় নয়ডার যান চলাচল। সপ্তাহের প্রথম দিনে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। পুলিশ এ দিন জানিয়েছে, বেসরকারি কারখানার শ্রমিকদের আন্দোলনের কারণে নয়ডার যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দিল্লির চিল্লা সীমান্ত থেকে 'নয়ডা লিঙ্ক রোড' তারা অবরোধ করেন। চিল্লা সীমান্ত থেকে নয়ডার দিকে যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হয়। নয়ডায় যাতায়াতকারী যাত্রীদের বিকল্প রাস্তা ব্যবহারের পরামর্শ দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ